বর্তমান সরকার জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে সরকারপ্রধানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান—সবার আগে বাংলাদেশ। এই মূলনীতিকে ধারণ করে আমরা দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই।”
বিগত রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদযাপন করার সৌভাগ্য লাভ করেছে। তিনি দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে সম্মিলিত প্রার্থনা করার আহ্বান জানান।
সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। এরপর তারা বনানী কবরস্থানে গিয়ে আরাফাত রহমান কোকো এবং ডা. জুবাইদা রহমানের পিতার কবর জিয়ারত করেন। একই সঙ্গে তারা পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী বিডিআরের বীর সামরিক কর্মকর্তা এবং অন্যান্য শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের কবর জিয়ারত ও রূহের মাগফিরাত কামনা করেন।
প্রেস ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
