‘বাবা মন্ত্রী বলেই কি এত সমালোচনা?’: ৩২ লাখ টাকার কোরবানি নিয়ে ফেসবুকে ব্যাখ্যা সারিয়ানের

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ৩২ লাখ টাকা দিয়ে কোরবানি উট বা গরু কেনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা সমালোচনার ব্যাখ্যা দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ছেলে সারিয়ান চৌধুরী। গতকাল মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ব্যাখ্যা তুলে ধরেন, যা ইতোমধ্যে নেটদুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সারিয়ান চৌধুরী তার পোস্টে দাবি করেন, তাদের পরিবারের পক্ষ থেকে প্রতি বছরই কোরবানির জন্য একাধিক পশু কেনা হয় এবং এটি তাদের দীর্ঘদিনের পারিবারিক ঐতিহ্য। তিনি লেখেন, “আমার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং উনার ভাইয়েরা পারিবারিক কোরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদরাসার জন্য প্রতি বছর ৬ থেকে ৮টি গরু ক্রয় করেন। তার ধারাবাহিকতায় এ বছরও ওনারা ৬টি গরু ক্রয় করেছেন।”

একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় তার বাবাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে সারিয়ান লেখেন, “আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টা গরু দিয়ে কোরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার সম্মুখীন হতে হবে? নাকি আমার বাবা কেবল মন্ত্রী হওয়ায় এক শ্রেণির বাহিনীর এমন অযৌক্তিক মিথ্যাচারের শিকার হচ্ছেন?”

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কোরবানির এই পশুর মাংসের সিংহভাগই গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। তিনি লেখেন, “সবচেয়ে বড় কথা, সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।” পোস্টের শেষে ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। উনি সব জানেন এবং দেখেন।”

উল্লেখ্য, সম্প্রতি হাট থেকে মোট ৩২ লাখ টাকা দিয়ে কোরবানি পশু কেনার বিষয়টি সামনে আসার পর পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটেই মন্ত্রীর ছেলের এই ব্যাখ্যামূলক পোস্টটি সামনে এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *