বিদ্যুৎ বিভাগে বিদায়ী শেখ হাসিনা সরকার ৫৬ হাজার কোটি টাকার বিশাল বকেয়া ও দেনা রেখে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি উল্লেখ করেন, এই বিপুল পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়েই বর্তমান সরকারকে বিদ্যুৎ মন্ত্রণালয় চালাতে হচ্ছে।
গতকাল মঙ্গলবার (২৬ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পর্যায়ের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাখাতের গুণগত মান উন্নয়নে এই সভার আয়োজন করা হয়।
বকেয়া পরিশোধের চাপ উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, “৫৬ হাজার কোটি টাকা দেনা নিয়ে আমি বিদ্যুৎ মন্ত্রণালয় চালাই। দেশি-বিদেশি পাওনাদারেরা বকেয়া বিলের জন্য প্রতিনিয়ত ফোন করছে। এমনকি আদানি গ্রুপও বিলের জন্য ফোন দেয়, আমাদের সেগুলোর জোগান দিতে হচ্ছে।”
শিক্ষা খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, একটি জাতির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। বর্তমান সরকার এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, “আমরা এবার সরকারে এসে মনস্থির করেছি— আমাদের বাজেটের এবং জিডিপির প্রায় ৫ শতাংশ শিক্ষা খাতের জন্য ব্যয় করা হবে।” এছাড়া শিক্ষার্থীদের ঝরে পড়া (ড্রপ-আউট) বন্ধে অতীতে বেগম খালেদা জিয়ার নেওয়া ‘ফুড ফর এডুকেশন’ কর্মসূচির সফলতার কথাও স্মরণ করেন তিনি।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা।
