৭ অঞ্চলে শক্তিশালী কালবৈশাখীর আভাস: নদীবন্দরে সতর্ক সংকেত জারি

সারাদেশে পশ্চিমা লঘুচাপের প্রভাবে আবহাওয়া পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে।

খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নদী পথে চলাচলকারী যাত্রী ও চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *