চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সপ্তাহখানেক লাইফ সাপোর্টে থাকা ১১ বছরের শিশু রেশমি আক্তার আর নেই। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রেশমি স্থানীয় ব্যারিস্টার মিল্কি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। সে ওই এলাকার দিনমজুর পরিবারের পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট।
ঘটনার সূত্রপাত গত ৭ মে রাতে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সেদিন রাতে মায়ের কথামতো পাশের দোকান থেকে পান আনতে যাচ্ছিল রেশমি। রৌফাবাদ বিহারি কলোনির গলিতে একদল মাস্কধারী দুর্বৃত্ত হাসান রাজু নামে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রাজু ঘটনাস্থলেই নিহত হন। দুর্ভাগ্যবশত, একটি লক্ষ্যভ্রষ্ট গুলি রেশমির বাঁ চোখ ভেদ করে মাথার ভেতরে ঢুকে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এই ঘটনায় গত ৯ মে রেশমির মা সখিনা বেগম বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ বা মাস্কধারী সন্ত্রাসীদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
