২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ঘোষিত সময়সূচি পরিবর্তনের আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, পরীক্ষার রুটিন নিয়ে বিভিন্ন মহল থেকে মতামত ও আলোচনা-সমালোচনা আসায় অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে আবারও বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আজ মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান।
এর আগে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার সময় প্রায় এক মাস এগিয়ে এনে ২০২৭ সালের ৭ জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী পরীক্ষা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হওয়ার কথা থাকলেও রোজার কারণে তা জানুয়ারির শুরুতে আনা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, “আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এখন অনেকেই বলছেন রোজার পরে পরীক্ষা শেষ করা উচিত। যেহেতু নতুন মতামত উঠে এসেছে, তাই বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। আমরা পাবলিক ওপিনিয়ন (জনমত) এবং শিক্ষার্থীদের সিলেবাস শেষ হওয়া—দুই বিষয়কেই গুরুত্ব দিচ্ছি। সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।”
সরকার ইতোমধ্যে রুটিন ঘোষণা করলেও পরিস্থিতি বিবেচনায় তা পরিবর্তনের দরজা খোলা রয়েছে উল্লেখ করে মন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয় সবার মতামতের ভিত্তিতে এবং স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
