রাইড-শেয়ারিং এবং লজিস্টিকস খাতের শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম ‘পাঠাও’ এবার আকাশপথে তাদের ডানা মেলল। নেপালের জনপ্রিয় বিমান সংস্থা সিমরিক এয়ারলাইন্সের (Simrik Airlines) সাথে যৌথ অংশীদারিত্বে ‘পাঠাও হেলি’ (Pathao Heli) নামে একটি নতুন হেলিকপ্টার বুকিং পরিষেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।
এখন থেকে নেপালের ব্যবহারকারী এবং পর্যটকেরা সরাসরি পাঠাও অ্যাপ অথবা ডেডিকেটেড ওয়েবসাইট (PathaoHeli.com)-এর মাধ্যমে সহজেই হেলিকপ্টার রাইড বুক করতে পারবেন।
প্রাথমিকভাবে এই পরিষেবাটি নেপালের অত্যন্ত জনপ্রিয় পর্যটন ও তীর্থস্থানগুলোকে কেন্দ্র করে পরিচালিত হবে। যার মধ্যে রয়েছে— মুক্তিনাথ, গোসাইকুন্ডা, এভারেস্ট বেস ক্যাম্প এবং অন্নপূর্ণা বেস ক্যাম্প। গ্রুপ ট্রিপ, পর্যটন এবং তীর্থযাত্রার কথা মাথায় রেখে এই সেবাটি ডিজাইন করা হয়েছে। প্রতিটি হেলিকপ্টারে একসাথে ৪ থেকে ৫ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
এই সম্প্রসারণের বিষয়ে পাঠাও জানায়, এটি মূলত তাদের একটি পূর্ণাঙ্গ ‘সুপার অ্যাপ’ হয়ে ওঠার প্রক্রিয়ার অংশ। নেপালের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে রাইড-শেয়ারিং, ফুড ডেলিভারি, পার্সেল পরিষেবার পর এবার হেলিকপ্টার বুকিংকেও এক প্ল্যাটফর্মে একীভূত করল পাঠাও।
