কিশোরগঞ্জে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অমানবিক আচরণের বলি হলো এক নবজাতক। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার কথা থাকলেও আড়াই ঘণ্টা ধরে ভাড়ার দরকষাকষি এবং সিন্ডিকেটের বাধায় অ্যাম্বুলেন্স জোগাড় করতে না পেরে শেষ পর্যন্ত হাসপাতালেই প্রাণ হারাল শিশুটি। শুক্রবার (২৭ মার্চ) গভীর রাতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নবজাতক কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মীরপাড়া গ্রামের মো. রোহানের ছেলে। স্বজনরা জানান, শুক্রবার রাতে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। শ্বাসকষ্ট শুরু হলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

নবজাতকের বাবা মো. রোহান জানান, সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে বেসরকারি চালকদের কাছে গেলে তারা সাড়ে ৪ হাজার টাকা ভাড়া দাবি করেন। সরকারি ভাড়া ১ হাজার ৬০০ টাকা হলেও মানবিক কারণে স্বজনরা ৪ হাজার টাকা দিতে রাজি হন। তবুও চালকরা অনড় থাকেন এবং অন্য কোনো গাড়িকেও রোগী নিতে বাধা দেন। এই টানাপোড়েনের মধ্যে রাত ৩টার দিকে নবজাতকটি মারা যায়।

শনিবার সকালে নবজাতকের মৃত্যুর খবরে হাসপাতালে স্বজনদের আহাজারি ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি আগে জানতাম না। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” জেলা সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *