বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার নানা প্রচেষ্টার প্রেক্ষাপটে সরকারি সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ (র)-এর প্রধান পরাগ জৈন।
রোববার (৯ আগস্ট) দুপুরে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সরকারি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণে প্রতিনিধি দলটি এই সফরে এসেছে। সফরকালে তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে অবস্থান করছেন।
তবে ভারতীয় প্রতিনিধি দলের স্পর্শকাতর এই উচ্চপর্যায়ের সফর নিয়ে ঢাকা কিংবা নয়াদিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, পরাগ জৈন ‘র’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের ‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ’ (এসপিজি)-এর বিশেষ সচিব পদেও দায়িত্বে রয়েছেন। ঢাকা সফরে প্রতিনিধি দলে তাঁর সঙ্গে আরও রয়েছেন জ্যেষ্ঠ কর্মকর্তা অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে আসার ঠিক আগেই ‘র’ প্রধান পরাগ জৈন একটি গুরুত্বপূর্ণ চীন সফর সম্পন্ন করেছেন। ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে তাঁর এই ঝটিকা ঢাকা সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে নানা সমীকরণ তৈরি হয়েছে।
