মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (১৯) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) ভোররাত আনুমানিক ৪টার দিকে সীমান্তের ওপারে ভারতের উনকোটি জেলার ইরানি থানার মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালিকের ছেলে। বর্তমানে তাঁর মরদেহ ভারতের উনকোটি জেলার ইরানি থানা এলাকার মাগুরুলিতে রয়েছে।
৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ ঘটনাটি নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে কর্মধা ইউনিয়নের মুরইছড়া এলাকার রেনু মিয়া (৩৬) ও সুমন মিয়াসহ একদল চোরাকারবারির সঙ্গে ভারতীয় অংশ থেকে সিগারেট, বিড়িসহ বিভিন্ন চোরাই পণ্য আনতে ভারতীয় সীমানায় প্রবেশ করেছিলেন তারা মিয়া। এ সময় বিএসএফের টহল দল তাদের গতিরোধ করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন তারা মিয়া। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আত্মগোপন করে।
বিজিবির কর্মকর্তা জানান, “নিহত তারা মিয়ার বিরুদ্ধে পূর্বেও চোরাকারবারের একটি মামলা ছিল। ঘটনার সুনির্দিষ্ট কারণ ও বিস্তারিত তথ্য জানতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
মরদেহ ফেরত আনাসহ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আলোচনা ও সার্বিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
