আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত ১১ দলীয় ঐক্যের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ১১ দলীয় ঐক্যের পক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনের আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্তকরণ ও সার্বিক কৌশল নির্ধারণে শীর্ষ নেতারা এক যৌথ বৈঠকে মিলিত হন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ অংশগ্রহণ করেন।

বৈঠকে জোট শরিকদের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব নাসিরুদ্দিন পাটোয়ারী।

এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে যৌথ প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়টি জানিয়েছিল দলটি।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের তারিখ ধার্য রয়েছে এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *