বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৫ আগস্ট) রাতে মাগুরা শহরের কেশব মোড়ে অবস্থিত সাকিব আল হাসানের পৈতৃক বাড়ির গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ককটেল জাতীয় বিস্ফোরক নিক্ষেপ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা সাকিব আল হাসানের বাড়ির দক্ষিণ পাশের প্রধান লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করে এবং আগুন ধরিয়ে দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিভে যায়।
ঘটনার খবর পাওয়ার পরপরই মাগুরা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও সার্বিক নিরাপত্তায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তাত্ক্ষণিকভাবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত বা কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
মাগুরা সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন, নিক্ষিপ্ত বস্তুর ধরন পর্যবেক্ষণ এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একটি তদন্ত টিম কাজ শুরু করেছে।
