মাত্র একটি স্মার্টফোন ব্যবহার করে নিজ নামে নিবন্ধিত ৩৮টি অনলাইন ক্যাসিনো অ্যাপের মাধ্যমে বিশাল জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে খোরশেদ আলী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোরশেদ আলী ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে খোরশেদ আলীকে গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। পরবর্তীতে প্রাথমিক ডিজিটাল ফরেনসিক যাচাইয়ে তার ফোনে ৩৮টি অনলাইন ক্যাসিনো ও জুয়া-সংশ্লিষ্ট অ্যাপের সন্ধান মেলে। তিনি বিভিন্ন অনলাইন পোর্টাল, ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করে নিজ নামে ক্যাসিনো আইডি বানিয়ে এই জুয়ার কারবার পরিচালনা করতেন।
তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত খোরশেদ কেবল নিজে এই ক্যাসিনো পরিচালনা করতেন না, বরং প্রলোভন দেখিয়ে স্থানীয় বহু তরুণ ও সাধারণ মানুষকে এই চক্রের সঙ্গে যুক্ত করতেন। তার প্রলোভনে পড়ে নিঃস্ব ও দেউলিয়া হয়েছে অনেক পরিবার, এমনকি ঋণের চাপে পড়েছে বহু পরিবার। খোরশেদের গ্রেপ্তারের পর স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল জানান, “মাদকের মতোই অনলাইন ক্যাসিনো সমাজের জন্য একটি বড় অভিশাপ। অনলাইন জুড়াসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”
এ ঘটনায় আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।
