ইশতেহার বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: জামায়াত আমির

নির্বাচনের আগে ঘোষিত ইশতেহার বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বিরোধী দল হিসেবে বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ। জনগণ যেভাবে পাশে থেকেছেন, আগামীতেও দল জনগণের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটগ্রহণে জনগণের অংশগ্রহণ ছিল ব্যাপক; তবে ভোট-পরবর্তী প্রক্রিয়া নিয়ে কিছু অস্পষ্টতা ও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে উদ্বেগ জানানো হলেও, জনরায়ের প্রতি সম্মান জানিয়ে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সংসদে নিজেদের ভূমিকা সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা গঠনমূলক ভূমিকা পালন করবেন। জনকল্যাণমূলক ও ন্যায়সঙ্গত যেকোনো উদ্যোগে সমর্থন থাকবে, তবে দেশ ও জাতির স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এলে তার প্রতিবাদ করা হবে।

তিনি আরও বলেন, সরকার বা বিরোধী—এই পরিচয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জনগণের প্রতিনিধিরা কতটা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। রাষ্ট্রের অকার্যকর হয়ে পড়া খাতগুলো সচল করতে সরকারের ভূমিকা মুখ্য হলেও, বিরোধী দলও জনগণের স্বার্থ রক্ষায় সক্রিয় থাকবে।

সবশেষে তিনি জানান, জনগণের স্বার্থ সংরক্ষণই হবে তাদের মূল অঙ্গীকার, এবং সজাগ অবস্থান নিয়ে জাতির পাশে থেকে দায়িত্ব পালন করবে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *