সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; দিনাজপুরে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ উদ্বোধন আজ

সারাদেশে কৃষি ও জলসম্পদ উন্নয়নে নতুন বিপ্লব ঘটাতে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করতে নীলফামারীর সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে আকাশপথে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা দেন। এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে তিনি রওনা হয়েছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, কাহারোলের বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে দেশব্যাপী এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় সেখানেই আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

বিকেলে প্রধানমন্ত্রী দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে যাবেন এবং সেখানে শায়িত তাঁর নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। দিনের সবশেষে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *