আবুধাবিতে বেসামরিক গাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত; নিহত ১, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি বেসামরিক গাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই হামলার ঘটনা ঘটল।

স্থানীয় সময় সকাল ১১টার কিছু আগে আবুধাবি গণমাধ্যম দফতর (ADMO) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, রাজধানীর আল বাহইয়াহ এলাকায় একটি বেসামরিক গাড়িতে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এই ঘটনায় একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাধা দেওয়ার পর ধ্বংসাবশেষ গাড়ির ওপর পড়েছে, নাকি সরাসরি আঘাত হেনেছে—তা এখনো স্পষ্ট নয়।

হামলার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন-সম্পর্কিত হুমকির কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে প্রায় ৯ কোটি যাত্রী যাতায়াত করা এই বিমানবন্দরটি বিশ্বের অন্যতম ব্যস্ততম ট্রানজিট পয়েন্ট।

এর আগে সকালে আবুধাবি পুলিশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কথা জানিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছিল। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যে অস্থিরতা বিরাজ করছে, এই হামলাকে তারই অংশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *