হাইতির ঐতিহাসিক ‘সিটাডেল লাফেরিয়ার’ দুর্গে পদদলিত হয়ে ২৫ জনের মৃত্যু; আহত ৩০

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতির উত্তরাঞ্চলে অবস্থিত ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক পাহাড়ি দুর্গ ‘সিটাডেল লাফেরিয়ার’-এ এক ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ২৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। গত শনিবার একটি উৎসব চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ডয়চে ভেলে (ডিডব্লিউ) এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরের মতো এবারও দুর্গে আয়োজিত উৎসবে প্রচুর সংখ্যক তরুণ-তরুণী ও শিক্ষার্থী সমবেত হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণার কারণে ভিড় ছিল ধারণক্ষমতার বাইরে। অনুষ্ঠানের প্রবেশপথে শুরুতে জটলা তৈরি হয়। এরই মধ্যে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হলে সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি শুরু করেন। এতেই পদদলনের ঘটনা ঘটে।

হাইতির জাতীয় পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ আরও অনেকের সন্ধানে তল্লাশি চলায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

সিটাডেল লাফেরিয়ার দুর্গটি হাইতির স্বাধীনতার প্রতীক। ১৮০৪ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর ফরাসি আক্রমণ ঠেকাতে এটি নির্মাণ করা হয়েছিল। এটি এখন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ এবং দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-আইমে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসার জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *