রাজধানীর মিরপুরে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের অভিযোগে জাহিদ হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৬ এপ্রিল) রাতে পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, জাহিদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থের বিনিময়ে মেয়েদের পর্নোগ্রাফি ভিডিও বিতরণ ও বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসায় অভিযান পরিচালনা করে জাহিদকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে পর্নোগ্রাফি ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একাধিক সিমকার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ অপরাধের কথা স্বীকার করেছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।
