জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছিল। যারা এই কাজের সঙ্গে জড়িত, তাদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং জাতির সামনে শিগগিরই তাদের মুখোশ উন্মোচন করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, তরুণদের নেতৃত্বেই আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে জামায়াত। তরুণরা সামনে থেকে নেতৃত্ব দেবে, আর প্রবীণরা পেছন থেকে সাহস ও দিকনির্দেশনা দেবেন। তিনি বলেন, কেউ কোনো অপরাধ করে পার পাবে না, সমতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। নারীদের প্রতি কোনো ধরনের হেনস্তা বরদাশত করা হবে না এবং চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের অবস্থান হবে জিরো টলারেন্স।
তিনি আরও বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি। পরাজয় নিশ্চিত জেনে একটি দলের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে বলেও দাবি করেন জামায়াত আমির। তিনি বলেন, আগামী ১২ তারিখ ইনসাফের পক্ষে রায় আসবে।
এর আগে, দুপুরে জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, এই নির্বাচন গত ৫৪ বছরে ফ্যাসিবাদী রাজনীতির যে চর্চা হয়েছে, তার অবসান ঘটানোর নির্বাচন।
উল্লেখ্য, শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
