জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি আগামী সংসদ অধিবেশনে সংস্কার বাস্তবায়নের কার্যকর উদ্যোগ না নেয়, তবে রাজপথে অধিকার আদায় করবে পরিবর্তনের পক্ষের মানুষ। রোববার (৮ মার্চ) বিকেলে বরিশাল নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপি বরিশাল বিভাগীয় শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। নাহিদ ইসলাম বলেন, ‘যারা পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তারা সংস্কার দেখতে চান। যদি সরকার টালবাহানা করে, তবে রাজপথই হবে চূড়ান্ত ফয়সালার জায়গা।’
সাম্প্রতিক বিভিন্ন মামলার দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, ‘যারা চাঁদাবাজ তাদের চাঁদাবাজ বললে মামলা দিয়ে মুখ বন্ধ রাখতে চায়। যদি তারা আওয়ামী কায়দায় কাজ করে, তাহলে আমাদেরও আবারও গণঅভ্যুত্থানের কায়দায় যেতে হবে।’
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে আঁতাত করে যারা সংস্কারের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে রাজপথ ছাড়া আর কোনো অপশন থাকবে না।’ নিজের বিরুদ্ধে হওয়া মানহানি মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলায় মানহানি মামলা করা হয়েছে। কিন্তু যার মান নেই তার মানহানি হয় কীভাবে?’
অনুষ্ঠানে বরিশাল বিভাগের এনসিপি ও ছাত্র-নাগরিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
