দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই সিদ্ধান্তের কথা জানায়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। গতকালও এই মানের সোনা কিনতে ক্রেতাদের খরচ করতে হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১১ টাকা।
অন্যান্য মানের সোনার নতুন দাম নিম্নরূপ:
- ২১ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা (প্রতি ভরি)।
- ১৮ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা (প্রতি ভরি)।
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা (প্রতি ভরি)।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম নিম্নমুখী। গোল্ডপ্রাইস.ওআরজি-এর তথ্যমতে, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমে এখন ৪ হাজার ৬০০ ডলারে নেমে এসেছে। ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উত্তেজনার মাঝে দাম বাড়লেও বর্তমানে তা কিছুটা স্থিতিশীল হচ্ছে।
সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৫ হাজার ৭৭৪ টাকায় স্থির রয়েছে। একইভাবে ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকায় বিক্রি হচ্ছে।
