‘আমরা সবাই এখন রাইসার আত্মীয়’, পল্লবীতে রামিসার পরিবারকে সান্ত্বনা দিয়ে বললেন রিজভী

রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি এই সান্ত্বনা ও সহায়তার বার্তা নিয়ে যান।

বৃহস্পতিবার (২৮ মে) পল্লবীতে রামিসার পরিবারের বাসায় যান রুহুল কবির রিজভী। এ সময় রামিসার বাবাকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন।”

রিজভী আরও জানান, নিহত রামিসার বড় বোন রাইসার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা সকলেই রাইসার আত্মীয় হিসেবে সবসময় এই পরিবারের পাশে থাকব, ইনশাআল্লাহ।”

পরিবারটির খোঁজখবর নেওয়ার সময় বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন। নেতৃবৃন্দ এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *