ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে। যশোরের ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণে দুই শিশুর শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে। বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকেল ৩টার দিকে ওই এলাকার কামগাজী পুকুরপাড়ে এই দুর্ঘটনা ঘটে।
আহত শিশুরা হলো—খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকার রাজিব খানের ছেলে মো. রেজওয়ান (৭) এবং মো. ইয়াছিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের বিকেলে ওই দুই শিশু পুকুরপাড় এলাকায় খেলাধুলা করছিল। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি বোমাসদৃশ বস্তু হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত ও দগ্ধ অবস্থায় শিশুদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৭ বছর বয়সী রেজওয়ানের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার শরীর মারাত্মকভাবে ঝলসে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হতে পারে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম হোসেন জানান, ঘটনার খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমাসদৃশ বস্তুটি কীভাবে সেখানে এলো, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
