যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অদ্ভুত ও বিস্ফোরক মন্তব্য করে জানিয়েছেন, বর্তমান দায়িত্ব শেষ করার পর তিনি ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তে চান। স্থানীয় সময় বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ইসরাইলে নিজের তুমুল জনপ্রিয়তার দাবি করে ট্রাম্প বলেন, “এই কাজ (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের মেয়াদ) শেষ করার পর হয়তো আমি ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯ শতাংশ। এটা তো বেশ ভালো।” তবে তিনি ঠিক কোন জরিপের কথা বলছেন, তা স্পষ্ট করেননি। এ বিষয়ে হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত। ইরান যুদ্ধের বর্তমান অবস্থা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কোনো কথা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তিনি ভালো আছেন। তিনি খুব ভালো মানুষ। আমি যা চাই, তিনি তাই করবেন। আমার কাছে তিনি দারুণ একজন মানুষ।”
এর একদিন আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ইরানের বিরুদ্ধে ‘আরও বড় ধরনের হামলা’ চালানোর কথা ভাবছেন। যদিও তার দুই দিন আগে তিনি জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতায় অগ্রগতি হওয়ায় তিনি সাময়িকভাবে হামলার সিদ্ধান্ত স্থগিত করেছিলেন।
নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, “ভুলে গেলে চলবে না, তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। আমার মতে, ইসরাইলে তাকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না এবং তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না।” ট্রাম্পের এই মন্তব্য মার্কিন ও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
