দাখিল পরীক্ষায় অনুপস্থিতির হার সর্বোচ্চ, সাধারণ বোর্ডে গড়ে ১ শতাংশ।

প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী, অনুপস্থিতির হারে শীর্ষে মাদ্রাসা বোর্ড

নিজস্ব প্রতিবেদক | ঢাকা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ১১ হাজার ৮৯০ জন। গড় অনুপস্থিতির হার ১.০৫ শতাংশ। এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ২ হাজার ৭৪৬ জন। রাজশাহী, কুমিল্লা, যশোর এবং চট্টগ্রাম বোর্ডেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। সবচেয়ে কম অনুপস্থিতির হার ছিল দিনাজপুর বোর্ডে (০.৮৩ শতাংশ)।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অনুপস্থিতির হার সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন, যা শতকরা হিসেবে ৪.৪০ শতাংশ। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৩০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল (১.৯৩ শতাংশ)।

এদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে বাংলা (আবশ্যিক) ১ম পত্র, কোরআন মাজিদ ও তাজভীদ এবং বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ঢাকা ও দিনাজপুর বোর্ডে ১ জন করে মোট ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *