বিনোদন জগতের অন্ধকার অধ্যায় ‘কাস্টিং কাউচ’ নিয়ে সাম্প্রতিক সময়ে দেশ-বিদেশের অনেক তারকা মুখ খুললেও, এবার এ বিষয়ে মন্তব্য করে বড় ধরনের বিতর্কে জড়ালেন অভিনেত্রী হাংসিকা মোতওয়ানি। একজন নারী হয়েও ভুক্তভোগীদের প্রতি অবজ্ঞাসূচক মন্তব্য করার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনার শিকার হচ্ছেন ‘কোই মিল গায়া’ খ্যাত এই তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হাংসিকাকে প্রশ্ন করা হয়েছিল যে, ক্যারিয়ারের কোনো পর্যায়ে তিনি কাস্টিং কাউচের মতো অপ্রস্তুত পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন কি না। জবাবে হাংসিকা কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে জানান, তাঁর ক্যারিয়ারে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে এর পরপরই তিনি বিতর্কিত একটি মন্তব্য যোগ করেন। হাংসিকা বলেন, “আমার মনে হয়, আসলে যারা শুধুই কাজ করতে আসেন, তাদের সঙ্গে এসব হয় না। আমি কাজ করতে এসেছিলাম বলে আমার সঙ্গে এসব হয়নি।”
হাংসিকার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয় এবং ইন্ডাস্ট্রির অসহায় ও ভুক্তভোগীদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন ওঠে। এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, “আমি জীবনে অস্ট্রেলিয়া যাইনি বলে কি পৃথিবীর মানচিত্রে অস্ট্রেলিয়া নেই?” অন্য এক ভক্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন নারী হয়ে আপনি কীভাবে এমন কথা বলতে পারেন! আপনার সাথে হয়নি বলে কি কারো সাথেই হয়নি?”
কাস্টিং কাউচ নিয়ে বিতর্ক উসকে দিলেও বর্তমানে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন হাংসিকা। উল্লেখ্য, সম্প্রতি জীবনযাত্রার পার্থক্য ও বিভিন্ন মতভেদের কারণে চার বছরের সংসার ভেঙে গেছে হিন্দি, তামিল ও তেলেগু সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীর। বিতর্কের এই রেশ তাঁর ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে কি না, এখন সেটিই দেখার বিষয়।
