ফরিদপুরে আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা; ৫ সদস্য আহত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরাঞ্চলে আসামি গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পদ্মা নদীবেষ্টিত চরশালেহপুর এলাকার ছোরমান খাঁর বাজারে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন—চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন হোসেন, মোজাম্মেল হক, মো. রফিকুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গাজী সোহেল এবং কনস্টেবল উজ্জ্বল হোসেন। চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির খাঁর বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি প্রভাবশালী হওয়ায় এবং এলাকাটি দুর্গম হওয়ায় তাঁকে ধরতে সাধারণ পোশাকে (ছদ্মবেশে) অভিযান চালায় পুলিশ। বাজার এলাকা থেকে কবির খাঁকে হাতকড়া পরালে তাঁর স্বজন ও অনুসারীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁরা কবির খাঁকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা লাবলু দাবি করেন, পুলিশ সদস্যরা সাধারণ পোশাকে থাকায় গ্রামবাসী প্রথমে তাঁদের চিনতে পারেনি, ফলে উত্তেজনার সৃষ্টি হয়। তবে পরবর্তীতে গ্রাম পুলিশের মাধ্যমে হাতকড়াটি ফেরত দেওয়া হয়েছে। অন্যদিকে, চরভদ্রাসন থানার ওসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, “আসামি প্রভাবশালী হওয়ায় ছদ্মবেশে অভিযান চালানো হয়েছিল। পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *