ডান পায়ে ‘ইডিমা’ ধরা পড়েছে নেইমারের, সান্তোসের ম্যাচে অনুপস্থিত এই তারকা

ফিটনেসজনিত নানা চোট কাটিয়ে ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন নেইমার জুনিয়র। তবে সেলেসাও ভক্তদের জন্য আবারো দুঃসংবাদ। দলে ডাক পাওয়ার মাত্র কয়েক দিনের মাথায় নতুন করে চোটের কবলে পড়েছেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড, যা বিশ্বকাপের আগে তাঁর খেলা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

বুধবার (২০ মে) নেইমারের বর্তমান ক্লাব সান্তোসের মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, এই তারকার ডান পায়ের কাফে (Calf) ২ মিলিমিটারের একটি ‘ইডিমা’ (Edema) বা ফুসকুড়ি ধরা পড়েছে। যদিও ক্লাবের পক্ষ থেকে এই চোটকে খুব বেশি গুরুতর বলা হয়নি, তবুও বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এমন ইনজুরি নেইমার এবং ব্রাজিল শিবিরের জন্য মোটেও স্বস্তির নয়।

এই চোটের কারণে ইতোমধ্যেই সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচটি মিস করেছেন নেইমার। এমনকি গ্রেমিওর বিপক্ষে পরবর্তী লিগ ম্যাচেও তাঁর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমানে ইনজুরি কাটিয়ে আগামী ২৭ মে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার লক্ষ্য নিয়ে সময়ের সঙ্গে লড়াই করছেন তিনি।

তবে সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব নেইমারের দ্রুত সুস্থতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “নেইমারের কাফে ছোটখাটো একটি ইনজুরি হয়েছে এবং ইডিমা ধরা পড়েছে। তবে আমাদের চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী, সে দ্রুত সুস্থ হয়ে উঠছে এবং আগামী সপ্তাহেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবে বলে আমরা আশা করছি।”

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নেইমারের এই ইনজুরি নিয়ে এখন তীব্র উৎকণ্ঠায় রয়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ব্রাজিল সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *