ইরানি বাধার মুখে ‘বাংলার জয়যাত্রা’; হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি মেলেনি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ ৪০ দিন আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ শেষ পর্যন্ত ইরানের কাছ থেকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি। শুক্রবার (১০ এপ্রিল) সকালে ইরান সরকার অনুমতি দিতে অস্বীকৃতি জানানোয় জাহাজটিকে পুনরায় সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বুধবার (৮ এপ্রিল) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে জাহাজটি হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দিয়েছিল। প্রায় ৪০ ঘণ্টা পথ চলার পর আজ সকালে ইরানের কাছে পার হওয়ার অনুমতি চাওয়া হলে তেহরান তা প্রত্যাখ্যান করে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইরান সরকারের নির্দেশনা মেনেই আমরা অনুমতি চেয়েছিলাম, কিন্তু তারা তা গ্রহণ করেনি। কূটনৈতিক চ্যানেলে আলাপ-আলোচনা এখনো অব্যাহত আছে। তবে নিরাপত্তার খাতিরে জাহাজটিকে আপাতত শারজা বন্দরে ফিরে যেতে বলা হয়েছে।”

গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল ‘বাংলার জয়যাত্রা’। ২৭ ফেব্রুয়ারি দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরই ওই অঞ্চলে হামলা শুরু হয়। নিরাপত্তার কারণে জাহাজটি কুয়েত যাওয়ার পরিকল্পনা বাতিল করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশে রওনা দেওয়ার চেষ্টা করছিল। বর্তমানে জাহাজটিতে ৩৭ হাজার টন সার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *