কসবায় থানায় হাজির হয়ে ‘নারী সাজবেন না’ বলে মুচলেকা দিলেন সেই বহিষ্কৃত ছাত্রদল নেতা

নারী সেজে আপত্তিকর ও অশ্লীল ভিডিও কন্টেন্ট তৈরির অভিযোগে অভিযুক্ত কসবা উপজেলার বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলাম শেষ পর্যন্ত থানায় হাজির হয়ে মুচলেকা দিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তিনি কসবা থানায় উপস্থিত হয়ে অঙ্গীকার করেন যে, তিনি আর কখনো নারী সেজে এমন বিতর্কিত কর্মকাণ্ড করবেন না।

বেশ কিছুদিন ধরে রেদোয়ান দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ালেও শুক্রবার বিকেলে পুলিশ নিশ্চিত করেছে যে তিনি নিজ এলাকাতেই আছেন। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে তাকে থানায় তলব করা হয়েছিল। শুক্রবার দুপুরে তিনি সশরীরে হাজির হন।

গত ৫ এপ্রিল ‘তৌহিদী জনতা’র ব্যানারে রেদোয়ান ইসলাম ও রিংকু সরকার রবিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে বলা হয়, এই চক্রটি নারী সেজে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও অশালীন ভিডিও প্রচার করে আসছিল, যা স্থানীয় জনশৃঙ্খলা ও কিশোর-তরুণদের নৈতিক মূল্যবোধের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

নারী সেজে ভিডিও করায় ব্যাপক সমালোচনার মুখে রেদোয়ান ইসলামকে কসবা সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে সম্প্রতি বহিষ্কার করা হয়।

পুলিশ জানায়, জনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের আপত্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *