উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। তবে হারের চেয়েও ম্যাচের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। পেনাল্টি না পাওয়া এবং ভিএআরের হস্তক্ষেপ না থাকা নিয়ে ক্ষুব্ধ বার্সেলোনা কর্তৃপক্ষ উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে।
ম্যাচের ৫৪ মিনিটে অ্যাটলেটিকোর ডিফেন্ডার মার্ক পুবিলের হাতে বল লাগলেও রেফারি ইস্তভান কোভাচ পেনাল্টির বাঁশি বাজাননি। বিস্ময়করভাবে ভিএআরও এই ঘটনায় নীরব ছিল। অথচ পুবিল আগে থেকেই একটি হলুদ কার্ড দেখেছিলেন; পেনাল্টি হলে নিয়ম অনুযায়ী দ্বিতীয় হলুদ কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হতো।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভুল সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। তারা রেফারির কথোপকথনের অডিও প্রকাশ এবং তদন্তের দাবি জানিয়েছে। কোচ হানসি ফ্লিকও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “এটি স্পষ্ট পেনাল্টি এবং লাল কার্ডের যোগ্য ছিল।”
ম্যাচে অ্যাটলেটিকোর হয়ে গোল দুটি করেন জুলিয়ান আলভারেজ ও আলেকজান্ডার সোরলথ। তবে ২-০ ব্যবধানের হারের চেয়েও রেফারির ‘নিয়মবিরুদ্ধ’ আচরণ এখন বার্সার প্রধান মাথাব্যথার কারণ।
