ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বিমান হামলার ফলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কার্যত শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
নেতানিয়াহু বলেন, “আমরা বিজয়ী হচ্ছি, আর ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।” তিনি আরও জানান, ইসরাইলি বাহিনী এখন সেই কারখানাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে যেখানে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম এবং পারমাণবিক অস্ত্রের উপাদান বানানো হয়। তবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ইরান পুরোপুরি হারিয়েছে – এমন দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ তিনি উপস্থাপন করেননি।
সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ইরানি জনগণকে সরকার পতনের লক্ষ্যে রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, “রুখে দাঁড়ানোর সঠিক সময় বেছে নেওয়ার দায়িত্ব তাদেরই।” তিনি আরও ইঙ্গিত দেন যে, যুদ্ধ এখন আকাশপথে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে স্থল অভিযানের পরিকল্পনা তাদের হাতে রয়েছে।
যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনার অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম।
