ওয়াশিংটনে ড. খলিলুর ও ক্রিস রাইট-এর বৈঠক; বাংলাদেশের জ্বালানি সংকটে পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৩১ মার্চ) ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (১ এপ্রিল) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকের শুরুতে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানান। তিনি দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আগামী দিনে আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সংকটের কারণে বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সরাসরি সহযোগিতা কামনা করেন। জবাবে ক্রিস রাইট বাংলাদেশের সংকটের বিষয়টি স্বীকার করেন এবং এ পরিস্থিতিতে পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি দেন। তিনি জানান, বাংলাদেশের অনুরোধগুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে তার টিম কাজ শুরু করবে।

বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানি বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় মার্কিন জ্বালানি দফতরের সহকারী সচিব অড্রে রবার্টসন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলামসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *