‘কল্কি ২’-তে নতুন চমক সাই পল্লবী

সিনেমা জগতে একের পর এক চমক দিয়েই চলেছেন দক্ষিণ ভারতীয় মেগাস্টার সাই পল্লবী। রামায়ণ-এ ‘সীতা’ হওয়ার খবরের রেশ কাটতে না কাটতেই এবার আরও বড় ধামাকা নিয়ে হাজির তিনি। নাগ অশ্বিন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘কল্কি ২’-এ দীপিকা পাড়ুকোনের স্থলাভিষিক্ত হয়েছেন এই অভিনেত্রী।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘কল্কি ২৮৯৮ এডি’র প্রথম কিস্তিতে দীপিকা পাড়ুকোন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও সিক্যুয়েল থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। তার পরিবর্তে চূড়ান্ত করা হয়েছে সাই পল্লবীকে।

ছবির ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সূচি নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে মতপার্থক্যের কারণেই দীপিকা এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। জানা গেছে, প্রথম কিস্তির তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি পারিশ্রমিক দাবি করেছিলেন অভিনেত্রী। এছাড়া বর্তমানে নতুন মা হিসেবে ব্যক্তিগত জীবন ও সন্তানকে সময় দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্তও দিয়েছিলেন তিনি। সব মিলিয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত প্রজেক্টটি ছেড়ে দেন দীপিকা।

দীপিকা সরে দাঁড়ালেও চরিত্রটি বাদ দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না নির্মাতাদের। বরং তারা দ্রুত নতুন মুখের সন্ধান শুরু করেন এবং শেষ পর্যন্ত অভিনয়ের দক্ষতা ও জনপ্রিয়তার বিচারে সাই পল্লবীকে চূড়ান্ত করা হয়।

ইতোমধ্যেই হায়দ্রাবাদে ‘কল্কি ২’-এর বিশাল সেট তৈরি হয়েছে। সেখানে অমিতাভ বচ্চন ও কমল হাসানের শুটিং শুরু করার খবরও পাওয়া গেছে। সাই পল্লবীও দ্রুতই প্রভাসের সঙ্গে শুটিংয়ে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। পৌরাণিক ও সায়েন্স ফিকশন ঘরানার এই ছবির দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের মাঝে এখন তুঙ্গে উত্তেজনা।

উল্লেখ্য, সাই পল্লবীর হাতে বর্তমানে আরও বেশ কিছু বড় প্রজেক্ট রয়েছে। এর মধ্যে আমির খান পুত্র জুনাইদ খানের বিপরীতে ‘এক দিন’ ছবিটির কাজও দ্রুত শুরু হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *