কামাভিঙ্গাকে ছাড়াই ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে পিএসজির দাপট

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। তবে ফুটবল বিশ্বকে বড় চমক দিয়ে এই দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে ফরাসি কোচ দিদিয়ের দেশম এই স্কোয়াড ঘোষণা করেন।

মাত্র দেড় মাস আগেও জাতীয় দলের জার্সিতে মাঠে নামা কামাভিঙ্গার জায়গা হয়নি বিশ্বকাপের বিমানে। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে একাধিক চোট এবং অনিয়মিত পারফরম্যান্সই মূলত তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কোচ দেশম বলেন, “কামাভিঙ্গা গত মৌসুমে বেশ চোটের মধ্য দিয়ে গেছে। দলের ভারসাম্যের কথা চিন্তা করে আমাকে এই কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে।”

কামাভিঙ্গার পাশাপাশি ইনজুরির কারণে ছিটকে গেছেন হুগো একিটিকে। তবে সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও দলে জায়গা পাননি অভিজ্ঞ কিংসলে কোমান, ক্রিস্টোফার এনকুনকু, কোলো মুয়ানি এবং গোলরক্ষক লুকার শেভালিয়ার।

ঘোষিত স্কোয়াডে ফরাসি ক্লাব পিএসজির (PSG) স্পষ্ট আধিপত্য লক্ষ্য করা গেছে। ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলেসহ দলটিতে জায়গা পেয়েছেন পাঁচজন পিএসজি তারকা। বাকি চারজন হলেন— ব্র্যাডলি বারকোলা, ডিজায়ার দুয়ে, লুকাস হার্নান্দেজ এবং তরুণ তুর্কি ওয়ারেন জায়ার-এমেরি। দলের আক্রমণের মূল ভরসা হিসেবে থাকছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

একনজরে ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

  • গোলরক্ষক: মাইক ম্যাগনান, রবিন রিসার ও ব্রাইস সাম্বা।
  • ডিফেন্ডার: লুকাস ডিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, ম্যাক্সেন্স লাখোয়া, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।
  • মিডফিল্ডার: এন’গোলো কন্তে, মানু কোনে, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চুয়ামেনি ও ওয়ারেন জায়ার-এমেরি।
  • ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ম্যাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, ডিজায়ার দুয়ে, জিন-ফিলিপ মাতেতা, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে দিদিয়ের দেশমের শিষ্যরা। ‘আই’ গ্রুপে ফরাসিদের অন্য দুই প্রতিপক্ষ হলো ইরাক ও নরওয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *