ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর তাবাসসুম (৪) নামে এক কন্যাশিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে নিথর দেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাদুরগাছা গ্রামের এক কৃষক মাঠের দিকে যাওয়ার সময় আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে একটি রক্তমাখা বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি চিৎকার দেন এবং আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। নজরুল ইসলাম স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী এবং তার স্ত্রী হালিমা খাতুন একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। বর্তমানে পরিবারটি কালীগঞ্জের বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর থেকে বাড়ির পাশ থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্যরা সারাদিন ও সারারাত অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে লাশটি গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।”
