প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। সরকারের প্রথম বৈঠকেই দেশের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ‘কৃষি ঋণ’ সংক্রান্ত বিশেষ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সকাল ৯টার কিছুক্ষণ পরেই সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে সচিবালয় এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার কক্ষে শুরু হয় আনুষ্ঠানিক আলোচনা। বৈঠকে অর্থ, বাণিজ্য, স্থানীয় সরকার ও আইন মন্ত্রণালয়সহ সকল মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকের প্রধান ও একমাত্র এজেন্ডা ছিল কৃষি খাত। সংক্ষিপ্ত এই বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জানান, মন্ত্রিসভা দেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষি ঋণ বিষয়ক প্রস্তাবনাটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে।
মন্ত্রিসভার বৈঠক শেষ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সচিবালয় থেকে হেঁটে পাশের ওসমানী স্মৃতি মিলনায়তনে যান। সেখানে তিনি ‘একুশে পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি আজ বিকেলের দিকে এই বৈঠকের বিস্তারিত সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন বলে জানা গেছে।
