অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই স্টেশনে কোনো ট্রেন থামবে না।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) একাধিক সূত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমির পক্ষ থেকে ডিএমটিসিএল-কে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে জানানো হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬’।
উক্ত চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর গমনাগমন এবং উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমটিসিএল-কে অনুরোধ জানানো হয়েছে।
স্টেশনটি সাময়িকভাবে বন্ধ থাকায় ওই সময়ে যাতায়াতকারী যাত্রীদের শাহবাগ অথবা সচিবালয় স্টেশন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ৩টা ৩০ মিনিটের পর থেকে পুনরায় স্বাভাবিক নিয়মেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামবে এবং যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
