সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচনি ব্যয়ের হিসাব বা ‘রিটার্ন’ দাখিলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে এই হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সকল রিটার্নিং অফিসারকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে।
ইসি’র পাঠানো চিঠিতে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪ (গ) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে (জয়ী ও পরাজিত উভয়) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তাদের নির্বাচনি ব্যয়ের বিবরণী বা রিটার্ন দাখিল করতে হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের নাম ও ঠিকানা সংবলিত গেজেট গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী, আগামী ১৩ মার্চের মধ্যে সকল প্রার্থীকে তাদের ব্যয়ের হিসাব জমা দিতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচনি পরিপত্র-১৮ অনুযায়ী সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যয় বিবরণী দাখিল নিশ্চিত করতে হবে। এছাড়া, প্রার্থীরা কত টাকা ব্যয় করেছেন এবং সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী ২৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানোর জন্য রিটার্নিং অফিসারদের অনুরোধ করা হয়েছে।
সাধারণত নির্ধারিত সময়ে নির্বাচনি ব্যয়ের হিসাব দাখিল না করলে আইনি জটিলতা বা অর্থদণ্ডের বিধান রয়েছে। ফলে প্রার্থীদের জন্য এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
