কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ মার্চ) বিকেলে এক বিবৃতিতে তিনি এই শোক জানান এবং দুর্ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ প্রদান করেন।
প্রধানমন্ত্রী তাঁর বিবৃতিতে সাম্প্রতিক বগুড়ার ট্রেন দুর্ঘটনা এবং শনিবার দিবাগত রাতের কুমিল্লার ঘটনার কথা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি এই দুর্ঘটনায় কারো দায়িত্বে অবহেলা বা ব্যর্থতা থাকলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং কুমিল্লা জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
