ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে অপহৃত দুই বছরের শিশু কাজী ফুজাইলকে উদ্ধার করেছে র্যাব-১০। অপহরণের মাত্র এক দিনের মাথায় রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারী তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গত ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতরের দিন দুপুরে অসুস্থ নানাকে দেখতে মায়ের সাথে ঢাকা মেডিকেলে গিয়ে নিখোঁজ হয় শিশু ফুজাইল। পরে একটি চক্র পরিবারের কাছে ফোন করে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হলে ছায়া তদন্ত ও অভিযানে নামে র্যাব-১০-এর একটি আভিযানিক দল।
আজ রোববার (২২ মার্চ) রাত পৌনে তিনটার দিকে তথ্য-প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী তানভীরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত শিশু ফুজাইলকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
