বান্দরবানের সুয়ালকে সৌদিয়া পরিবহনের বাস খাদে: আহত ৪০, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকা থেকে বান্দরবানগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর ৫টার দিকে বান্দরবান জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাহাড়ি ঢালু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ৪০ জন যাত্রী নিয়ে বান্দরবান আসছিল। সুয়ালক এলাকায় পৌঁছালে পাহাড়ি আঁকাবাঁকা ও ঢালু রাস্তা দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রীই গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ান (২৮) নামের চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *