পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীর ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চালানোর ফলে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে উঠতি বয়সীদের দ্রুতগতির মোটরসাইকেল চালনা এবং প্রাইভেটকার ও অটোরিকশার বেপরোয়া চলাচলে রাজধানীর প্রধান হাসপাতালগুলোতে আহতের ভিড় বাড়ছে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের আগের রাত থেকে রবিবার (২২ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত জরুরি বিভাগে প্রায় ৪০০ রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে সিংহভাগই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। কারও হাত বা পা ভেঙেছে, আবার কেউ গুরুতর জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিটোরের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. এহসানুল কবির জানান, সাধারণ সময়ের তুলনায় ঈদের ছুটিতে রোগীর চাপ অনেক বেশি। মাত্র ১৫-১৬ ঘণ্টায় ৪০০ রোগীর চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ১০ শয্যার জরুরি বিভাগে তিল ধারণের জায়গা নেই, অনেককে স্ট্রেচারে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও চিত্রটি একই রকম। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, শুধুমাত্র ঈদের দিনই ঢামেকের জরুরি বিভাগে ১৫১ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন, যাদের বেশিরভাগই সড়ক দুর্ঘটনার শিকার। ফাঁকা সড়কে শৃঙ্খলার অভাব ও গতির নেশাই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।
