কোরবানি ও জিলহজ মাসের বিশেষ আমল: চুল-নখ কাটার নিয়ম ও সময়সীমা

পবিত্র ঈদুল আজহা ও জিলহজ মাসকে সামনে রেখে মুসলিম উম্মাহর মাঝে শুরু হয়েছে কোরবানির প্রস্তুতি। জিলহজ মাসের প্রথম দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হলো— জিলহজের চাঁদ ওঠা থেকে শুরু করে কোরবানি সম্পন্ন করা পর্যন্ত শরীরের চুল, নখ, মোঁচ বা পশম না কাটা। যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, তাদের জন্য এই আমলটি বিশেষভাবে সুন্নাত ও সওয়াবের কাজ। এমনকি যারা কোরবানি দিচ্ছেন না, তারাও এই আমলে শরিক হয়ে পূর্ণ কোরবানির সওয়াব লাভ করতে পারেন।

পবিত্র হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন জিলহজের প্রথম দশক শুরু হবে, তখন তোমাদের মধ্যে যে কোরবানি করবে, সে যেন তার চুল-নখ না কাটে।’ (সহিহ মুসলিম)। অন্য এক হাদিসে এসেছে, এক সাহাবি কোরবানির সামর্থ্য না থাকায় রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জানতে চাইলে নবীজি তাকে ঈদের দিন চুল, নখ, মোঁচ ও নাভির নিচের পশম পরিষ্কার করার নির্দেশ দেন এবং বলেন, ‘এটাই আল্লাহর কাছে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে।’ (সুনানে আবু দাউদ)।

ইসলামী ফিকহবিদদের মতে, এই আমলটি আবশ্যক বা ফরজ নয়, বরং মুস্তাহাব বা সুন্নাত। এটি করলে বিপুল সওয়াব রয়েছে, তবে না করলে কোনো গুনাহ হবে না। যদি কেউ ভুলে, না জেনে কিংবা অনিচ্ছাকৃতভাবে চুল বা নখ কেটে ফেলেন, তবে তার কোনো গুনাহ হবে না। এছাড়া চিকিৎসার প্রয়োজনে নখ বা চুল কাটাতে কোনো বাধা নেই।

তবে এই আমলটির ক্ষেত্রে একটি বিশেষ সতর্কবার্তা রয়েছে। ইসলামে সর্বোচ্চ ৪০ দিনের মধ্যে নখ ও অপ্রয়োজনীয় পশম পরিষ্কার করার কড়া নির্দেশনা রয়েছে। জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানি পর্যন্ত চুল-নখ না কাটার কারণে যদি কারো নখ বা পশম পরিষ্কারের মেয়াদ ৪০ দিন পার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তবে তাকে অবশ্যই জিলহজ মাস শুরুর আগেই তা পরিষ্কার করে নিতে হবে।

সম্ভাব্য পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৮ মে সোমবার সন্ধ্যায় বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ১৯ মে মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হতে পারে এবং ২৮ মে বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তাই যারা এই বিশেষ আমলটি করতে চান, তাদের ১৮ মে সোমবার সন্ধ্যার আগেই চুল ও নখ কেটে জিলহজ মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *