দেশের ক্রীড়াঙ্গনকে পেশাদারিত্বের নতুন উচ্চতায় নিতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে জাতীয় ক্রীড়াবিদদের জন্য সরকারি বেতন কাঠামো ও ‘ক্রীড়া কার্ড’ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রাথমিক পর্যায়ে দেশের ১২৯ জন কৃতি ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে এবং তাদের হাতে ‘ক্রীড়া কার্ড’ তুলে দেওয়া হয়েছে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের বিশেষ সম্মাননাও প্রদান করা হয়। সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়িয়ে ৫০০ জন ক্রীড়াবিদকে স্থায়ী বেতন কাঠামোর আওতায় আনা।
এই বেতন সুবিধা কেবল তালিকাভুক্ত হলেই স্থায়ী হবে না। প্রতি চার মাস অন্তর ক্রীড়াবিদদের পারফরম্যান্স কঠোরভাবে মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স সন্তোষজনক থাকলে তারা এই সুবিধা অব্যাহত রাখতে পারবেন, অন্যথায় তালিকা থেকে বাদ পড়ার বিধান রাখা হয়েছে।
সবার জন্য সমান বেতন নির্ধারণ করা হলেও এর সুনির্দিষ্ট পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি। বেতনের অংক ঘোষণার বিষয়টি প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে, যা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়াকে কেবল শখ নয়, বরং একটি সম্মানজনক পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
