ইরানের জ্বালানি খাতের ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের তেল সম্পদ কবজা করতে পারে এবং দেশটির প্রধান তেল হাব ‘খার্গ দ্বীপ’ দখল করে নিতে পারে।
সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত সোজাসাপ্টা ভাষায় বলেন, “সত্যি বলতে, আমি ইরানের তেল নিয়ে নিতে চাই। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু লোক প্রশ্ন তোলে কেন এটা করছি। তারা আসলে বোকা।” খার্গ দ্বীপ দখলের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, “হয়তো আমরা খার্গ দ্বীপ নেব, হয়তো নেব না। আমাদের হাতে অনেক বিকল্প আছে। তবে যদি নিই, তবে সেখানে কিছুদিন আমাদের অবস্থান করতে হবে।”
ইরানের সামরিক সক্ষমতাকে তুচ্ছজ্ঞান করে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, “আমার মনে হয় তাদের (ইরান) তেমন কোনো প্রতিরক্ষা নেই। আমরা খুব সহজেই ওই অঞ্চল দখল করতে পারব।”
উত্তেজনা বৃদ্ধির মধ্যেই নতুন করে আরও সাড়ে তিন হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। মার্কিন বাহিনীর ওপর সম্ভাব্য হামলা ঠেকাতে এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এরই মাঝে ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। যদিও দ্রুত কোনো যুদ্ধবিরতি হবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি।
সূত্র: বিবিসি
