পেশাদার খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে সম্পৃক্ত না হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে খেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের জন্য সরকারি বেতন কাঠামো ও ‘ক্রীড়া কার্ড’ প্রদান অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন চেপে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। মুহূর্তেই ১২৯ জন ক্রীড়াবিদদের মোবাইলে পৌঁছে যায় এক লাখ টাকা। অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ প্রদানের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ীদের আর্থিক পুরস্কার ও বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সরকার নির্ধারিত নতুন কাঠামো অনুযায়ী:-
- মাসিক ভাতা: নির্বাচিত ক্রীড়াবিদদের প্রত্যেককে মাসে ১ লাখ টাকা করে প্রদান করা হবে।
- একক পদকজয়ী: স্বর্ণজয়ী ৩ লাখ, রৌপ্যজয়ী ২ লাখ এবং ব্রোঞ্জজয়ী ১ লাখ টাকা।
- দলগত পদকজয়ী: যথাক্রমে ২ লাখ, দেড় লাখ ও ১ লাখ টাকা। (নোট: ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এই তালিকার বাইরে থাকবেন)
প্রধানমন্ত্রী জানান, আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে সারাদেশে ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হবে। এছাড়া ২০২৭ সাল থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ এবং প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির মহাপরিকল্পনাও বাস্তবায়ন করছে সরকার।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
