চাঁদপুরের শাহরাস্তিতে ইভটিজিংয়ের দায়ে ৪ যুবককে ২ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে ইভটিজিং বা উত্যক্ত করার দায়ে চার যুবককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৫ মে) শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এই দণ্ড প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনিরা আজিম একাডেমির এক শিক্ষার্থীকে ৫ জন বখাটে মিলে উত্যক্ত করে। ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন— কসবা গ্রামের মো. রাকিবুল হাসান (১৮), তানজিল ছিদ্দিক সৌরভ (১৮), আহসিম বিল্লাহ তানি (১৮) এবং রায়ের বাগ গ্রামের আশ্রাফুল করিম (১৮)। তবে মাহফুজ আলম নামে আরও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করে। অপরাধের গুরুত্ব বিবেচনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন।

শাহরাস্তি উপজেলা প্রশাসন জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেপনা রোধ এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে এ ধরণের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। পালিয়ে যাওয়া অভিযুক্ত মাহফুজ আলমকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *