২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন বাহিনী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন প্রখ্যাত ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। একই ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
আজ মঙ্গলবার (৫ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ শাপলা চত্বরের ঘটনার বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি লেখেন, “৫ মে’র হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক। ইসলামের বিরুদ্ধে কাঠামোগত বিদ্বেষের পথ চিরতরে বন্ধ হোক।” তাঁর এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এদিকে, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের আন্দোলনে সারা দেশে এখন পর্যন্ত ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।
চিফ প্রসিকিউটর স্পষ্টভাবে বলেন, “শাপলা চত্বরের গণহত্যায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই মামলায় প্রধান আসামি হবেন শেখ হাসিনা।” তিনি আরও জানান, তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদেরও এই মামলায় অভিযুক্ত করা হবে।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর পরিচালিত অভিযানের ঘটনায় দীর্ঘদিন ধরে তথ্য গোপনের অভিযোগ থাকলেও, বর্তমান প্রেক্ষাপটে এর পূর্ণাঙ্গ বিচার ও তদন্তের দাবি জোরালো হয়ে উঠেছে।
