চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৯০ জন নিহত এবং আরও বহু শ্রমিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শনিবার (২৩ মে) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরওয়ার সংবাদমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “গত বৃহস্পতিবার (২১ মে) চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও শক্তিশালী বিস্ফোরণে ৯০ জন শ্রমিক নিহত এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, এই পর্যন্ত অন্তত ২০১ জন শ্রমিক হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে ১২৩ জন আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
মিয়া গোলাম পরওয়ার তাঁর বিবৃতিতে আরও উল্লেখ করেন, “এই ভয়াবহ দুর্ঘটনা ও খনি শ্রমিকদের প্রাণহানি দেশটির জন্য অনেক বড় এবং অপূরণীয় ক্ষতি। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই নির্মম দুর্ঘটনায় হতাহতদের পরিবার-পরিজন, আহতদের প্রতি এবং সর্বোপরি চীনের সাধারণ জনগণ ও দেশটির সরকারের প্রতি গভীর শোক, দুঃখ ও আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।”
একই সঙ্গে তিনি খনি বিস্ফোরণে আহত চিকিৎসাধীন সকল শ্রমিকদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। জামায়াত সেক্রেটারি জেনারেল আশা প্রকাশ করে বলেন, চীন সরকার এবং সে দেশের অত্যন্ত পরিশ্রমী জনগণ তাদের দৃঢ়তা ও সক্ষমতার মাধ্যমে খুব শিগগিরই এই বড় ধরনের জাতীয় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।
